মন্ত্রিসভায় আসছে ৫ নতুন মুখ, আলোচনায় রয়েছেন যারা

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে খুব শিগগিরই মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি নতুন মুখ। নতুনদের মধ্যে একজন টেকনোক্র্যাটও থাকছেন বলে জানা গেছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো বিবেচনায় নিয়েই মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।

যদিও আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ করা হয়নি, তবে একাধিক সূত্র বলছে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদ সম্প্রসারণ এবং মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত আসতে পারে।

নতুন মুখ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন এবং টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।

এছাড়া কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে বর্তমানে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *