ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল পাকিস্তান

আগামী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। বৈজ্ঞানিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল জানায়, আগামী ২৭ মে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে এবং আবহাওয়া পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওই দিন চাঁদ দেখা যায়, তবে ১৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ১০ই জিলহজ অর্থাৎ ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে যে এবার পাকিস্তান এবং সৌদি আরবে একই দিনে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ মে করাচি ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে সূর্যাস্তের পর প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে দৃশ্যমান থাকবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে চাঁদ দেখার বিষয়টি পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। যদি কোনো কারণে ১৭ মে চাঁদ দেখা না যায়, তবে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে ১৯ মে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *