Category: সারাদেশ

  • ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি

    ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি

    সরকারি চাকরিজীবীরা সামনে দীর্ঘ অবকাশ পাচ্ছেন। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা একটানা ছুটি ভোগের সুযোগ পাবেন।

    চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ছয়দিন ঈদের ছুটি থাকবে। এরমধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

    এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে একদিন।

    আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

    মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

  • দেশের জন্য সতর্কবার্তা

    দেশের জন্য সতর্কবার্তা

    বাংলাদেশে বছরে মোট বজ্রপাতের মধ্যে প্রায় ৩৮ শতাংশ ঘটে মার্চ থেকে মে মাসে, আর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হয় প্রায় ৫১ শতাংশ। তবে অন্যান্য মাসের তুলনায় মে মাসে হওয়া বজ্রপাতগুলো বেশি তীব্র ও ভয়াবহ রূপ নেয়, ফলে এ সময়টিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

    এমন কোনো দুর্যোগ নাই যা বাংলাদেশে নেই। বজ্রপাত আগেও ছিল এখনো আছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় কৃষকের। এরপর স্কুলের শিক্ষার্থী ও নারীরা। বজ্রপাতে মৃত্যু কমিয়ে আনতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

    এ অবস্থায় শুধু সতর্কবার্তা দেওয়া যথেষ্ট নয়; বরং বজ্রপাতের আগে, চলাকালীন এবং পরে মানুষের করণীয় সম্পর্কে ব্যাপকভাবে সচেতনতা গড়ে তোলা জরুরি। বজ্রধ্বনি শোনা মাত্রই দ্রুত নিরাপদ আশ্রয়, বিশেষ করে ঘরের ভেতরে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

    সোমবার (৪ মে) রাজধানী ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশে বজ্রপাত প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস’ শীর্ষক জাতীয় কর্মশালায় এসব পরামর্শ উঠে আসে।

    ব্র্যাক ও আবহাওয়া অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালার সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোঃ গোলাম মোস্তাফা, ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক লেয়াকত আলী।

    মে মাসে ঘটা বজ্রপাতগুলোর তাণ্ডব ও ভয়াবহতা বেশি। এ মাসের বজ্রঝড়গুলো তীব্র কালবৈশাখীর রূপ নেয়। যখনই বজ্রধ্বনি শুরু হবে হবে সঙ্গে সঙ্গে ঘরে চলে আসতে হবে। মৃতুহার কমাতে সচেতনতার বিকল্প নেই।
    আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক

    আবু দাউদ মো. গোলাম মোস্তফা বলেন, এমন কোনো দুর্যোগ নাই যা বাংলাদেশে নেই। বজ্রপাত আগেও ছিল এখনো আছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় কৃষকের। এরপর স্কুলের শিক্ষার্থী ও নারীরা। বজ্রপাতে মৃত্যু কমিয়ে আনতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

    আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, নিখুঁতভাবে আবহাওয়া অধিদপ্তর পাঁচ দিনের পূর্বাভাস দিতে পারে। কিন্তু সেই অনুযায়ী ‘আর্লি অ্যাকশন’ না হওয়ায় প্রাণহানি ঠেকানো যাচ্ছে না।

    বজ্রপাতে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে আগাম সতর্কবার্তা এবং দ্রুত পদক্ষেপ নিতে সমন্বয় প্রয়োজন। তাহলে প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে এবং মাঠ পর্যায়ের সংস্থার সঙ্গে সমন্বয় করে মৃত্যুহার শূন্যে নামিয়ে আনা সম্ভব।

    আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মে মাসে ঘটা বজ্রপাতগুলোর তাণ্ডব ও ভয়াবহতা বেশি। এ মাসের বজ্রঝড়গুলো তীব্র কালবৈশাখীর রূপ নেয়। যখনই বজ্রধ্বনি শুরু হবে হবে সঙ্গে সঙ্গে ঘরে চলে আসতে হবে। মৃতুহার কমাতে সচেতনতার বিকল্প নেই।

    প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়াবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার, বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. তানভীর মঞ্জুর, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।

    কর্মশালায় বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় হাওড় ও বজ্রপাতপ্রবণ বিভিন্ন এলাকায় নিজেদের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন ব্র্যাক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), প্ল্যান ইন্টারন্যাশনাল, রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টিহ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (আরআইএমইএস) প্রতিনিধিরা।

  • ‘আপনা মাংসে হরিণা বৈরী’ স্ট্যাটাসে কী বুঝাচ্ছেন মনিরা শারমিন?

    ‘আপনা মাংসে হরিণা বৈরী’ স্ট্যাটাসে কী বুঝাচ্ছেন মনিরা শারমিন?

    ‘আপনা মাংসে হরিণা বৈরী’ খুবই পরিচিত একটি উক্তি। উক্তিটি এসেছে কবি ভুসুকুর পদ থেকে। চর্যাপদে সংগৃহীত আছে পদটি। কারো সৌন্দর্য যখন তার জন্য ক্ষতিকর কিছু হয়, তখন আমরা উক্তিটি ব্যবহার করি।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন এই উক্তি নিয়ে আজ রবিবার (৩ মে) রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকের নিজের ওয়ালে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘আপনা মাংসে হরিণা বৈরী’’।

    ঠিক একই সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধতার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    একই সময়ে স্ট্যাটাস ও বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোলাইমান কবির সুমন নামে একজন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে লিখেছেন, আপনার জন্য কষ্ট হচ্ছে,তবুও শুভকামনা রইলো আগামীতে ভালো কিছু হবে।

    নাইম হোসেন নামে আরেকজন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে লিখেছেন, নুসরাত তাবাসসুম ভুল করল। সংসদে আপনাকেই দরকার ছিল।

    এর আগে আজ মনিরা শারমিন রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করেন, তার দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি বর্তমানে হাইকোর্টে প্রক্রিয়াধীন। আদালতের সিদ্ধান্ত আসার আগে নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলে তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন।

    আগামী ৪ মে এই রিটের শুনানির দিন নির্ধারিত রয়েছে। তাই বিচার বিভাগীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনকে (ইসি) গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

    এদিকে, রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থী মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন। হাইকোর্ট বিভাগ গত ২৭ এপ্রিল আদেশে প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আদালতের আদেশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণপূর্বক বাছাইয়ের নির্দেশনা থাকায় ২ মে বাছাই কার্যক্রমের কাজ সম্পন্ন করা হয়।

    জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১০ এর উপধারা (৮) অনুসারে বৈধভাবে মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের নামের তালিকা প্রকাশ করা হলো।

    ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর মনিরা শারমিনের মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয়। পরবর্তীতে আপিলেও তা খারিজ হয়ে গেলে তিনি আদালতের দ্বারস্থ হন। অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করা হলেও আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং বর্তমানে তিনি বৈধ প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন।

  • কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, বিরত থাকুন

    কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, বিরত থাকুন

    মোবাইল ফোনের ব্যাংকিং অ্যাপ লক্ষ্য করে নতুন কৌশলে হানা দিচ্ছে হ্যাকাররা। একটি ফ্রি অ্যাপ ডাউনলোড করার পর এসএমএস আসা এবং হঠাৎ ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাওয়ার মাধ্যমে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হচ্ছে। এরপর কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটে গত এক মাসেই এ ধরনের অন্তত ৩০টি অভিযোগ এসেছে।

    ভুক্তভোগীরা জানান, লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে ‘এনবি’ নামের একটি অ্যাপ ডাউনলোড করার পরই বিপদে পড়েন তারা। অ্যাপটি ইন্সটল করার সঙ্গে সঙ্গেই ফোন হ্যাং হয়ে যায়, পরে স্ক্রিন পুরোপুরি ব্ল্যাক হয়ে নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে।

    একজন ভুক্তভোগী পিংকি জানান, অ্যাপ ইন্সটলের পর তার ফোন রিস্টার্ট হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে কয়েক লাখ টাকা তুলে নেওয়া হয়।

    একই দিনে একই কৌশলে প্রতারণার শিকার হন বেসরকারি চাকরিজীবী সৌম্য কান্তি দাশ। তিনি বলেন, ব্যাংকিং অ্যাপে ঢোকার চেষ্টা করলে ফোনে ‘সিস্টেম আপডেটিং’ লেখা দেখিয়ে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। কিছুক্ষণ পরই ওটিপি ও টাকা ট্রান্সফারের মেসেজ আসতে থাকে।

    ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট জানায়, হ্যাকাররা ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের রিমোট কন্ট্রোল নিয়ে ব্যবহারকারীর মতো করেই ব্যাংক লেনদেন সম্পন্ন করছে। প্রতারণার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে পরে তা অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। কিছু ক্ষেত্রে দেশের বাইরে থেকেও এই চক্র পরিচালিত হচ্ছে বলে ধারণা পাওয়া গেছে।

    ডিএমপির সাইবার ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, প্রতিদিনই মানুষ এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।

    সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধুমাত্র অফিসিয়াল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। বিশেষ করে যেসব ডিভাইসে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করা হয়, সেখানে ফ্রি বা অজানা অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকতে হবে।

    তারা আরও পরামর্শ দেন, অপরিচিত লিংক বা লোভনীয় অফারে ক্লিক না করা এবং ভুলবশত এমন কিছু করলে সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া উচিত।

  • ছোট ভাইকে খুন: ইতালির সেই ঘটনার পেছনে লুকানো ভয়ংকর সত্য উন্মোচন

    ছোট ভাইকে খুন: ইতালির সেই ঘটনার পেছনে লুকানো ভয়ংকর সত্য উন্মোচন

    ইউরোপের দেশ ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরকীয়া সম্পর্ক, গোপন দ্বিতীয় বিয়ে, পারিবারিক দ্বন্দ্ব ও কোটি টাকার আর্থিক লেনদেন— সব মিলিয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে স্বজনরা। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর একটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

    উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাই—হুমায়ুন ফকির ও নয়ন ফকির। ইতালির লেইজ শহরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড এখন স্থানীয়ভাবে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

    পরিবারের দাবি, এটি তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিত হত্যা।

    তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও পারিবারিক বক্তব্য অনুযায়ী, হুমায়ুন ফকিরের ব্যক্তিগত জীবনেই তৈরি হয়েছিল জটিলতা। প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকা সত্ত্বেও তিনি নিজের চাচাতো বোন তায়েবার সঙ্গে দীর্ঘদিন পরকীয়ায় জড়ান। পরে দেশে এসে গোপনে দ্বিতীয় বিয়েও করেন। এই বিয়ে পরিবার মেনে নেয়নি, যা নিয়ে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে।

    পরিবার জানায়, দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তোলার ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুনের বাবা দেলোয়ার হোসেন ক্ষোভে ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে হুমায়ুন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ছোট ভাই নয়নের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।

    অন্য দিকে, আর্থিক বিষয়ও এই দ্বন্দ্বকে আরও জটিল করে তোলে। হুমায়ুন নিজ খরচে নয়নকে ইতালি নিলেও, পরবর্তীকালে নয়ন বিভিন্ন সময়ে প্রায় ২০ লাখ টাকা তাকে পরিশোধ করেন। এরপরও হুমায়ুন পরিবারের ভরণপোষণ বাবদ ব্যয়ের অর্ধেক, অর্থাৎ ৮ লাখ টাকা নয়নের কাছে দাবি করেন। পরিবার বলছে, নয়ন টাকা দিতে রাজি থাকলেও, এর আগেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

    নিহতের বোন দিলারা আক্তার বলেন, আমরা এই হত্যার সর্বোচ্চ শাস্তি চাই। নিজের ভাইকে যেভাবে হত্যা করেছে, তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।

    প্রথম স্ত্রী আমেনা আফরিন অভিযোগ করেন, হুমায়ুন দীর্ঘদিন ধরে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে এবং ভরণপোষণ দিত না।

    ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতালির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নয়ন ফকির বড় ভাইয়ের বাসার নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা হুমায়ুন পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও মাথায় আঘাত করে হত্যা করেন। হত্যার পর তিনি ভিডিও কলের মাধ্যমে মরদেহ দেশে থাকা মা-বাবাকে দেখান—যা ঘটনাটিকে আরও নৃশংস করে তুলেছে।

    বর্তমানে অভিযুক্ত হুমায়ুন ইতালিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন। স্থানীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে হত্যার মামলা প্রক্রিয়াধীন।

    স্থানীয়রা বলছেন, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, অবৈধ সম্পর্ক ও অর্থনৈতিক দ্বন্দ্ব মিলেই এই মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে। প্রবাসে থাকা পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের ঘাটতি ও মানসিক চাপও এমন ঘটনার পেছনে ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকে।

    এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের দাবি— দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনা প্রতিরোধে কঠোর বার্তা দেওয়া হোক।

  • ব্রেকিং নিউজ : দেশের জন্য সতর্কবার্তা জারি

    ব্রেকিং নিউজ : দেশের জন্য সতর্কবার্তা জারি

    রাজধানীসহ দেশের আট বিভাগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বাংলাদেশ সংবাদ

    বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি জানান, এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

    আবহাওয়াবিদ শাহীনুল জানান, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

    তিনি বলেন, আগামী ৪ থেকে ৫ দিন দেশে ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

    এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি

    এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি

    মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে এক হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

    রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

    সংস্থাটি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম।

    গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

    এদিকে, রোববার (৩ মে) মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। গত ২ এপ্রিল ভোক্তাপর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।

    এর গত ১৯ এপ্রিল ভোক্তাপর্যায়ে ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।

  • বাস্তবায়নের পথে ‘নবম পে স্কেল’, জানা গেল সম্ভাব্য সময়

    বাস্তবায়নের পথে ‘নবম পে স্কেল’, জানা গেল সম্ভাব্য সময়

    আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের ‘নবম পে স্কেল’ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি।

    বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ‘নবম পে স্কেল’ ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি। এই সুপারিশ আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    শনিবার (০২ মে) সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘নবম পে স্কেল’ দ্রুত বাস্তবায়নে সমাবেশ ও আলোচনা সভার কথা জানান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির অংশ হিসেবে মে মাসজুড়ে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।

    কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

    এ ছাড়া আগামী ১৬ মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনাসভা আয়োজন করা হবে।

    সংগঠনটির নেতারা জানান, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও সরকারি কর্মচারীরা এখনো নতুন কোনো পে স্কেল পাননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অধিকাংশ কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত এবং মাস শেষে ঋণ পরিশোধের পর যে বেতন হাতে থাকে, তা দিয়ে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হয় না। ফলে বাধ্য হয়ে অনেকেই নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন।

    সংগঠনটির মতে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ না রাখা হলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে পারে। দেশের উন্নয়নে ২২ লাখ সরকারি কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে ২২ লাখ কর্মচারী পরিবারের মুখে হাসি ফোটাবে বলে প্রত্যাশা তাদের।

    নানা সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের ৯ম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি।

    এই কমিটির সুপারিশ আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    জানা গেছে, দ্রব্যমূল্যের সঙ্গে জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামাঞ্জস্য রেখে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে আর্থিক চাপ সামাল দিতে কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আসন্ন জুলাই থেকে প্রথম ধাপের সুপারিশ অর্থাৎ মূল বেতন বৃদ্ধিরে বিষয়টি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • আঁধারে ডুববে আকাশ, ১৩ জেলায় বয়ে যাবে প্রলয়

    আঁধারে ডুববে আকাশ, ১৩ জেলায় বয়ে যাবে প্রলয়

    দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

    রোববার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

    বার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

    তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • কেবল ঢাকাতেই এক রাতে খুন হন ৩২ জন

    কেবল ঢাকাতেই এক রাতে খুন হন ৩২ জন

    চিফ প্রসিকউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে। শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে।

    রোববার (০৩ মে) সকালে নিজ কার্যালয়ে তিনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

    ১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল।

    ২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ–র‍্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর।

    সেই অভিযানে নিহত হয়েছিল ৩২ জন মানুষ এমনটাই তদন্তে বের হয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেষের দিকে হওয়ায় প্রকৃত হত্যার সংখা এখনি বলা যাচ্ছে না।

    চিফ প্রসিকিউটর বলেন, এ ঘটনায় এরইমধ্যে আমরা ৩২ জন নিহত ব্যক্তির তালিকা পেয়েছি। তারা শাপলা চত্বরেই নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া সে সময়কার সরকারের ঊর্ধ্বতনদের বা পুলিশের যারা জড়িত রয়েছেন, কিংবা অর্থের জোগান দিয়েছেন; তাদেরও আসামি করা হবে।

    তিনি আরও বলেন, শাপলা চত্বরের এ মামলায় ৯০ শতাংশ তদন্ত শেষ হয়েছে। বাকি কাজও শিগগির সম্পন্ন করতে পারব। এরপর তদন্ত প্রতিবেদন হাতে পেলে যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

    এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয়জন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

    গত ৫ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

    শাপলা চত্বরের এ মামলায় আসামির তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ আরও অনেকের নাম উঠে এসেছে।