সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি নির্দেশনা

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লক্ষ্যে সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ দণ্ডনীয় অপরাধ।

এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোটসংক্রান্ত যেকোনো প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি বিশেষ নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।

ইসির এই নির্দেশনা বাস্তবায়নে সব কর্মকর্তা-কর্মচারীদের অফিসিয়ালি জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা বিষয়ে ইসির নির্দেশনা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সবাই জেনেছেন। এখন তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।”

এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক জানিয়েছেন, নির্বাচনের কমিশনের বিধি ছিল না বলেই সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার ব্যাপারে কোন প্রচারণা চালানো হবে না। নির্বাচন কমিশন বিধিনিষেধ দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা অংশ নেবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *