ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির বিষয়ে সংশোধনী এনেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক। সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য চলতি মাসের ১০ ফেব্রুয়ারি ঘোষিত বিশেষ ছুটিও বহাল থাকবে। তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের এই বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।
এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, সেটি যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে অন্য কোনো দিনে শ্রমিকদের দিয়ে এক দিন কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করতে পারবে। বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। রমজানে অফিস সময়সূচি নির্ধারণ এদিকে পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রমজান মাসে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারিত থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

Leave a Reply