ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি

নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি অবস্থায় একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের ডোবাটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি পোলট্রি খামারের ব্যবসা করতেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত ৮টার দিকে মরদেহটি তার খামারের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগ করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।”

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।

পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি জিডি করেন। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল, তবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *