ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত দুই ভাই জয়ী হয়েছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনে ১৩৯টি কেন্দ্র থেকে ৬৪.৫৬ শতাংশ ভোট পড়েছে, বাতিল হয়েছে ৫ হাজার ৫৫৫টি ভোট।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ ৮০ হাজার ৮২৩ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮০ ভোট পড়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৪০১ ভোট, মোট কাস্টিং ৬৩.২৫ শতাংশ।
আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং আগের নির্বাচনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রী ও ২০০৩–২০০৬ সালে শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছর তিনি কারাভোগ করেছেন। তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবার প্রথমবার টাঙ্গাইল-৫ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলে নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply