এক লাফে যত ছাড়াল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্য সংঘাতের ২০ দিন পার হয়ে তৃতীয় সপ্তাহে পদার্পণ করার মুহূর্তে যুদ্ধের রূপ ভয়াবহ মোড় নিয়েছে। এবার সরাসরি জ্বালানি স্থাপনা ও তেল-গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় তার বিধ্বংসী প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক বাজারে লেনদেনের সময় অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে সরাসরি হামলার খবরের পর বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া চরম আতঙ্ক বিশ্ববাজারকে এই নজিরবিহীন অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে।

বৈশ্বিক তেলের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম এদিন সর্বোচ্চ ১১৮.২৭ ডলারে উঠে যায়। একই সময়ে মার্কিন ক্রুড তেলের দামও পাল্লা দিয়ে বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাম্প্রতিক হুঁশিয়ারি এবং কাতারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ডের পর বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কায় এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ঘটেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *